নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৫৬:৫০
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভাতিজার হাতে চাচা খুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর কসবা পৌরসভার আড়াইবাড়ী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. রতন মিয়া (প্রায় ৫০) স্থানীয় বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের কারণে তার সৎ ভাই মিলন খাঁনের সঙ্গে বিরোধ চলছিল।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যার পর কথাকাটাকাটির একপর্যায়ে মিলন খাঁনের ছেলে রতন মিয়ার ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথিমধ্যেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা প্রশাসনকে অবহিত করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।
নিহতের পরিবারের সদস্যদের দাবি, পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানজিন সুলতানা জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।