ভুয়া কাগজপত্রে কোটি টাকা আত্মসাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২০:০০
বাগেরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা
জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া রেকর্ডপত্র বানিয়ে চট্টগ্রাম আগ্রাবাদের বাণিজ্যিক এলাকায় সরকারি জমির মালিকানা দেখিয়ে ভোগদখল ও ভাড়া পরিশোধ না করে প্রায় চব্বিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) আকতারুল ইসলাম এসব তথ্য জানান।
অন্য আসামিরা হলো– মেসার্স কনকর্ড ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. ফরিদ আহমেদ, আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মো. ফাহিম আহমেদ, ফাতেমা বেগম, হাসিনা মমতাজ, মো. ফয়েজ আহমেদ, রোকেয়া সুলতানা ও শাহীন সুলতানা।
তিনি জানান, চট্টগ্রাম আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ২৪.৯৬ শতক সরকারি জমি জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র বানিয়ে তা ভোগদখল ও ভাড়া পরিশোধ না করে ২৩ কোটি ৬৮ লক্ষ ৩৯ হাজার ২৬৮ টাকা আত্মসাৎ ও ভোগদখলে রাখার অপরাধে মামলা রুজুর অনুমোদন দিয়েছে দুদক।
অভিযোগে, আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফাহিম আহমেদ, চট্টগ্রাম গণপূর্ত বিভাগের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী ও বর্তমান বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ-আলম ফারুকসহ আটজনের বিরুদ্ধে একে অপরের সহযোগিতায় অর্পিত ক্ষমতার অপব্যবহারপূর্বক নিজে লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া রেকর্ডপত্র বানিয়ে তা খাঁটি হিসেবে ব্যবহার করা হয়।
এ ঘটনায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে চট্টগ্রাম আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ২৪.৯৬ শতক সরকারি জমি ও ভাড়া পরিশোধ না করে তেইশ কোটি আটষট্টি লক্ষ উনচল্লিশ হাজার দুইশত আটষট্টি টাকা আত্মসাৎ ও ভোগদখলে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে ১টি মামলা রুজুর অনুমোদন দিয়েছে কমিশন।