রফিকুল ইসলাম, নান্দাইল প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ রাত ০৭:৩৫:২৩
তথ্য প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরীর বিশেষ সহকারী (অবেতনিক) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাদ্দাম হোসেন।
রোববার (১২ এপ্রিল) প্রতিমন্ত্রীর স্বাক্ষরিত এক নিয়োগপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, বিশেষ সহকারী হিসেবে সাদ্দাম হোসেন প্রতিমন্ত্রীর পক্ষে নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয় করবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষায় সহায়তা করবেন।
নিয়োগপত্রে আরও উল্লেখ করা হয়, এ দায়িত্ব অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আশা প্রকাশ করেন, সাদ্দাম হোসেন সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
এদিকে সাদ্দাম হোসেনের এই নিয়োগে নান্দাইল উপজেলার দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। নতুন দায়িত্ব পেয়ে তিনি প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জানা গেছে, সাদ্দাম হোসেন নান্দাইল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
এ বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে যথাযথভাবে পালন করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”