মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ দুপুর ০১:২৩:৫৫
টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা
মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করে একটি সুন্দর, সুস্থ ও নৈতিক সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২শে আগস্ট ২০২৬) গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা ছাইদুর রহমান।
সভায় জানানো হয়, টুঙ্গিপাড়া উপজেলার মোট ৭৭টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম—মোট ২৩১ জনকে সরকারি ভাতার আওতায় এনে সম্মানী প্রদানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি উপজেলার পাঁচটি মন্দিরের পুরোহিত ও সেবায়েতসহ মোট ১০ জনকেও সরকারি ভাতার আওতায় এনে সম্মানী প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জেলানী মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ কুফল তুলে ধরে বলেন, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার মাধ্যমে যুবসমাজকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তিনি আরও বলেন, ইমাম-মুয়াজ্জিনদের মাসিক বেতনের আওতায় এনে তাদের পাশে দাঁড়াতে পারা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। ধর্মীয় ব্যক্তিদের আর্থিকভাবে সহযোগিতা করা গেলে তারা আরও মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে সমাজের নৈতিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে পারবেন।
সভায় মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে ইমাম-মুয়াজ্জিনদের নিয়মিতভাবে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় স্থানীয় ওলামা দলের নেতৃবৃন্দসহ টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিত ও সেবায়েতরা উপস্থিত ছিলেন।