নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৯:২২
দাবি মেনে নেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করলেন শ্রমিকরা
বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন শেষে অবশেষে কর্মসূচি প্রত্যাহার করেছেন রিপন নিট ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা। মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে বৃহস্পতিবার দুপুরের পর শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত রিপন নিট ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে একই দাবিতে কর্মবিরতি পালন করা হয়। দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয় সকাল ৮টা থেকে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গত তিন মাসের বকেয়া নাইট বিল বৃহস্পতিবার দুপুরের পর থেকে শ্রমিকদের বিকাশ নম্বরে পরিশোধ করা শুরু হয়। টাকা পরিশোধের বিষয়টি নিশ্চিত হওয়ার পর শ্রমিকরা কর্মস্থল ত্যাগ করে নিজ নিজ বাসায় ফিরে যান।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান, তিন মাসের বকেয়া নাইট বিল পরিশোধ করা হয়েছে। এছাড়া বাৎসরিক ছুটির বকেয়া টাকা আগামী রোববার অথবা সোমবারের মধ্যে পরিশোধ করা হবে। তিনি আরও জানান, আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে কারখানার সকল কার্যক্রম পূর্বের ন্যায় চালু থাকবে।
গাজীপুর শিল্প পুলিশ-২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, তিন মাসের বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামেন। দাবি আংশিক বাস্তবায়ন ও বাকি অর্থ পরিশোধের আশ্বাসের পর পরিস্থিতি শান্ত হয়।