কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩১:০৬
এসএসসি পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে — ড. খন্দকার মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, চলতি এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। শতভাগ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষার হলে সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলেও তিনি জানান।
বুধবার কুমিল্লার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মারুফ বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর। তিনি দাবি করেন, ২০০১-০৬ মেয়াদে বিএনপি সরকার সকল পাবলিক পরীক্ষা নকলমুক্ত করে শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছিল।
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান দুর্নীতি ও বিশৃঙ্খলা দূর করে শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ চলছে।” শিক্ষাবাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করা, জাতীয় কারিকুলাম পুনর্বিবেচনা, ‘এক শিক্ষক এক ট্যাব’ কর্মসূচি, আইটেম ব্যাংকভিত্তিক পরীক্ষা পদ্ধতি চালু এবং কারিগরি শিক্ষার প্রসারে নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
ড. মারুফ জানান, দেশের প্রতিটি বিভাগে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, উচ্চশিক্ষায় গবেষণার জন্য বিশেষ অনুদান এবং কোচিং সেন্টার ধীরে ধীরে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ এবং নারীদের জন্য স্নাতকোত্তর ও পুরুষদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, “যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত উন্নত।” বিএনপি ক্ষমতায় থাকলে শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, তারা শিক্ষাব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং পাশের হার বাড়াতে গিয়ে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত করেছে।
ড. মারুফ আরও বলেন, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন। তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিমউদ্দিন, অভিভাবক সদস্য মো. বিল্লাল মিয়াজি, শিক্ষানুরাগী নূর মোহাম্মদ সেলিম সরকার, কাউসার আলম সরকার, কামাল হোসেন, শরীফ চৌধুরী ও মো. রোমান খন্দকার প্রমুখ।
শেষে ড. খন্দকার মারুফ এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো ফলাফলের জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। সুশিক্ষিত হয়ে আগামী দিনে দেশের দায়িত্ব গ্রহণে নিজেদের প্রস্তুত করতে হবে এবং পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করতে হবে।