মোঃ সিরাজুল ইসলাম, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১৭:১৮
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৩
ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার বিকেলে ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকার আরবিসি ইটভাটা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—টাঙ্গাইল জেলার জাকারিয়া (১৩), আখি আক্তার (২৫) ও সিএনজি অটোরিকশার চালক জুয়েল (৪০)। এ ঘটনায় আহতরা হলেন—লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিম (৩৫)। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকার আরবিসি ইটভাটা সংলগ্ন সড়কে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক জুয়েল নিহত হন। পরে গুরুতর আহত দুজনকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত আখি আক্তারের বাবা ও দুর্ঘটনায় আহত আবুল হোসেন জানান, সিএনজি অটোরিকশাটিতে চালকসহ মোট সাতজন ছিলেন। দুর্ঘটনার তীব্রতায় তিনজন নিহত হলেও সাদিয়া নামে ছয় বছরের একটি শিশু কোনো আঘাত না পেয়ে সুস্থ রয়েছে।
খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে।
ধামরাই থানার কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।