নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ দুপুর ০১:২১:৪৪
বরিশালে বিস্ফোরণের ঘটনায় উড়ে গেছে ফ্লাটের দরজা-জানালা, আহত ৩
বরিশাল নগরীর একটি তিনতলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনায় ফ্লাটের দরজা-জানালা উড়ে পাশের খালে গিয়ে পড়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন।
১৫ এপ্রিল বুধবার ভোর ৬টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহ বাড়ি মসজিদ সংলগ্ন একটি ভবনে এই ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- ওই ফ্লাটের বাসিন্দা ও সিকিউরিটি গার্ড মানিক, তার ছেলে মৃদুল ও মানিকের স্ত্রী। তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা গালিব ও মোশাররফ জানান, ভোর ৬টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, নিচতলার সব কটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লোহার গেট, দরজা ও জানালা ভেঙে পাশের খালে গিয়ে পড়েছে।
যদিও পুলিশ প্রাথমিকভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ধারণা করছে, তবে স্থানীয়দের মধ্যে এটি নিয়ে সংশয় রয়েছে। এলাকাবাসীর দাবি, সাধারণ সিলিন্ডার বিস্ফোরণে এত বিশাল ক্ষয়ক্ষতি এবং লোহার দরজা-জানালা উড়ে যাওয়া অস্বাভাবিক।
২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক বাহার জানান, ওই ভবনের নিচতলায় মানিক ও তার ছেলে থাকতেন। বিস্ফোরণের সময় তারা ঘরের ভেতরেই ছিলেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।