মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৯:২২
মৌলভীবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেলের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা, অগ্নিনির্বাপন কৌশল এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে বাস্তবধর্মী মহড়া ও প্রদর্শনী উপস্থাপন করেন। মহড়ায় আগুন লাগা, দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা প্রদানের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার জন্য সচেতনতামূলক ও শিক্ষণীয় ছিল।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্বেচ্ছাসেবক গড়ে তোলা এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।