এম. এ. মালেক, হালুয়াঘাট (ময়মনসিংহ):
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬ রাত ০৭:২৪:১৫
হালুয়াঘাট সীমান্তে ভারতীয় এলাকায় গিয়ে বাংলাদেশি আহত, ঢাকায় স্থানান্তর
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে গিয়ে এক বাংলাদেশি নাগরিক হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল (মঙ্গলবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া সীমান্ত দিয়ে উত্তর নলকুড়া গ্রামের মো. আনোয়ার হোসেন (৪৫) অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তিনি ভারতীয় সীমান্তের প্রায় ৩০০ থেকে ৩৫০ গজ ভেতরে তারকাঁটার কাছাকাছি এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ভারতীয় নাগরিকরা (পাহাড়ি/গারো) দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেন বাংলাদেশে ফিরে এলে তার স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
৩৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন চোরাচালানের মালামাল সংগ্রহের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় গিয়েছিলেন। গোয়েন্দা তথ্যানুযায়ী, এর আগেও তিনি অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছিলেন এবং তার বিরুদ্ধে এলাকায় একাধিক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বিজিবি জানায়, আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং এ ধরনের অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে।