শামীম আহমেদ জয়, মতলব উত্তর প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ রাত ১১:১৬:১৬
অফিস সময়েও অনুপস্থিত সমাজসেবা অফিসার, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় মানুষ
চাঁদপুরের মতলব উত্তরে সরকারি অফিস সময়সূচী অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম পরিচালনার নিয়ম থাকা সত্ত্বেও উপজেলা সমাজসেবা কার্যালয়ে এর চরম ব্যত্যয় ঘটছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (১৫ মার্চ) দুপুর ১টার সময়ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আল মামুনকে তার কর্মস্থলে দেখা যায়নি। অফিস তালাবদ্ধ থাকার কারণে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও অন্যান্য জরুরি সেবার প্রয়োজনে আসা অসহায় ও দুস্থ মানুষজন দীর্ঘ সময় অপেক্ষা করেও সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
সরেজমিনে দেখা যায়, অফিসের অন্যান্য কার্যক্রম চললেও সমাজসেবা অফিসারের কক্ষটি তালাবদ্ধ। অফিসের অন্যান্য কর্মচারীরাও তার অনুপস্থিতি বিষয়ে কোনো সদুত্তর দিতে পারছেন না। দূর-দূরান্ত থেকে আসা ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কর্মকর্তার দেখা না পাওয়া গেলে সরকারি সেবা পাওয়ার আশা রাখা তাদের জন্য শুধুই বিড়ম্বনা।
উপজেলার আবুরকান্দী গ্রামের সলেমান বলেন, “সকালে এসেছি, এখন ১২টা বাজে, এখনও স্যারে আসেন নাই।”
পৌরসভার পাঁচগাছিয়া গ্রামের গোলাম মোস্তফা (৭৫) বলেন, “বেইন্না বালা আইছি, এতক্ষণেও অফিসারে না থাহায় বইয়া রইছি। আযানও দিয়া লাইছে, এখন যামুগা।”
টরকী গ্রামের হাসান আলী জানান, “বুধবার এসেছি, বৃহস্পতিবারও এসেছি, আজকে রবিবার এসেছি, সমাজসেবা অফিসারের রুমে দরজা তালা লাগাই থাকে।”
উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আল মামুনের মুঠোফোন ০১৭২৬-৬৬৮০৮৯ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় সচেতন মহল মনে করছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও নিয়মিত তদারকির অভাবই এমন অনিয়মের মূল কারণ। তারা দ্রুত জেলা প্রশাসনের হস্তক্ষেপ এবং দায়িত্বহীন কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।