নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ রাত ০৮:৩০:০৯
ঝালকাঠিতে জুলাই যোদ্ধার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ও জুলাই যোদ্ধা রানা হাওলাদারের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৫টায় রাজাপুর প্রেসক্লাব চত্বরে রাজাপুর উপজেলাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা জাহিদুল ইসলাম, হায়দার সিকদার, হেমায়েত উদ্দীন খান, আসাদুজ্জামান অপু খান, প্রজন্ম দলের ঢাকা উত্তর আহ্বায়ক আনোয়ার মৃধা, খুকুসহ আরও অনেকে।
বক্তারা বলেন, রানা হাওলাদারকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তারা দাবি করেন, অতীতেও তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করা হয়েছিল এবং তার পরিবার নানা নির্যাতনের শিকার হয়েছে।
এ সময় তারা অভিযোগ করেন, সম্প্রতি রিনি খাতুন নামের এক নারী নতুন করে তার বিরুদ্ধে মামলা করে হয়রানি করছেন। অবিলম্বে এ মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুত মামলা প্রত্যাহার না করা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।