মুজিবুর রহমান, কক্সবাজার
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ রাত ১১:৪২:৪৩
উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১১ কোটি টাকার ৩ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ১১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী ইউনিয়নের কাটাখাল সীমান্ত এলাকায় এ অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে আসা সন্দেহভাজন তিন মাদককারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে উখিয়ার পালংখালী বিওপি’র সীমান্ত পিলার বিআরএম–১৮ সংলগ্ন এলাকায় একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। সীমান্ত পিলার থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে এবং বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে মিয়ানমারের দিক থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা দুটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত লোকালয়ের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তার ভেতরে থাকা খাকি রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া মাদককারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি সূত্র জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।