ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:২৩:১৩
ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ২, আহত অন্তত ৩৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই বাঙ্গি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়।
নিহতরা হলেন—সেকেন মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৪২) এবং নেশারউদ্দিনের ছেলে আলমগীর শেখ (৪০)। তারা দুজনই পিকআপের যাত্রী ও বাঙ্গি ব্যবসায়ী। তাদের বাড়ি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামে।
দুর্ঘটনায় বাসের অন্তত ৩৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা, ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মী এবং হাইওয়ে থানার পুলিশ তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহতদের সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী ‘শাহ ফরিদ’ পরিবহনের একটি বাস এবং টেকেরহাট থেকে বাঙ্গি বোঝাই একটি পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৯টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান এবং গুরুতর আহতদের হাসপাতালে পাঠান।