মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ সকাল ০৯:৫৩:৪৬
গোপালগঞ্জে ৯০ হাজার টাকার জাল নোটসহ আটক ১
গোপালগঞ্জের মুকসুদপুরে ৯০ হাজার টাকার জাল নোটসহ আব্দুর রহিম ফকির (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. খোকন ফকিরের ছেলে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে তিনি পূবালী ব্যাংক এর মুকসুদপুর শাখায় এক হাজার টাকার মোট ৯০টি নোট জমা দিতে যান। এ সময় ব্যাংকের ক্যাশিয়ার নোটগুলো পরীক্ষা করে সেগুলো জাল হিসেবে শনাক্ত করেন।
পরে ব্যাংক কর্তৃপক্ষ কৌশলে আব্দুর রহিমকে আটকে রেখে মুকসুদপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।