মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ রাত ১০:৩৫:৫২
চোরদের হাতেনাতে ধরে হাত কেটে দেওয়ার নির্দেশ, এমপি হাজি মুজিবের কঠোর হুঁশিয়ারি
মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) এলাকায় গরু চুরির উপদ্রব বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। চোরদের হাতেনাতে ধরে হাত কেটে দেওয়ার নির্দেশ দিয়ে তিনি এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান।
সোমবার (১৩ এপ্রিল) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও-ছনগাঁও এলাকায় একটি রাস্তা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরি বেড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা। এ অবস্থায় চুরি বন্ধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় সংসদ সদস্য এলাকায় চলমান উন্নয়ন কর্মকাণ্ডের তদারকির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এদিন তিনি কমলগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে ৬ হাজার ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ, আদমপুর ইউনিয়নের ছনগাঁও (হেরিং বোন বন্ড) সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন, মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন, পতনঊষার রামেশ্বরপুর সড়ক উদ্বোধন এবং পতনঊষার ইউনিয়নে বাগজুর খাল খনন কর্মসূচির উদ্বোধন।
স্থানীয়রা আশা করছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং কৃষকরা নিরাপদে তাদের সম্পদ রক্ষা করতে পারবেন।