গজারিয়া,মুন্সিগঞ্জ
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৪৪:২৫
গজারিয়ায় বালুর মাঠে মিলল শ্রমিক রাকিবের মরদেহ, পরিবার বলছে ডেকে নিয়ে হত্যা
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মো. রাকিব (২২) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার ভোরে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের বালুর মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাকিব শিমুলিয়া গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে। জীবিকার তাগিদে তিনি বাউশিয়া এলাকায় ভাড়া বাসায় থেকে একটি ইলেকট্রিক কোম্পানিতে কাজ করতেন।
স্বজনদের অভিযোগ, রোববার রাত প্রায় ১২টার দিকে অজ্ঞাত ৩-৪ জন ব্যক্তি তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। ভোরের দিকে তাকে গুরুতর আহত অবস্থায় শিমুলিয়া বালুরচর গুদারাঘাট এলাকায় পাওয়া যায়। মৃত্যুর আগে তিনি মাথায় পানি দেওয়ার ইশারা করেছিলেন বলে জানান পরিবারের সদস্যরা।
তবে পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদনে মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গজারিয়া থানার ওসি মো. হাসান আলী বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”
ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।