ওমর ফারুক তালুকদার, ভালুকা
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ রাত ১২:০৯:৩৯
ভালুকায় কারখানার ব্যবসা নিয়ে দ্বন্দ্বে ছেলের গুলির আঘাতে পিতাসহ গুলিবিদ্ধ দুই
ময়মনসিংহের ভালুকায় কারখানার ব্যবসা নিয়ে দ্বন্দ্বে ছেলের গুলির আঘাতে পিতা খোকা মিয়া সহ খোকন নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
রবিবার দুপুরে উপজেলার হবিরবাড়ীর নারিশ মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, গেলো নির্বাচনে ছেলে রানা মিয়া স্বতন্ত্র প্রার্থীর ও তার পিতা খোকা মিয়া ধানের শীষের নির্বাচন করেন। এর পর থেকে নারিশ পোল্ট্রি ফিডের ব্যবসা নিয়ে তাদের মধ্যে কলহ চলছিলো। সকালে খোকা ছেলের অফিসের সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় ছেলে রানা ও তার সঙ্গীরা পিতার পথ অবরোধ করে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে রানা পিস্তল বের করে প্রকাশে্য বাবার দিকে গুলি করে। এতে দুইটি গুলি পিতার শরীরে লাগে। এসময় উপস্থিত লোকজন এগিয়ে আসলে খোকন নামে আরো এক ব্যাক্তির শরীরে গুলি লাগে। স্থানীয়রা আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পুলিশ কাজল, রবিন ও জোজন নামে তিন জনকে আটক করেছে। ঘটনার মুল হোতা রানা পলাতক রয়েছে।