মো. বাবুল, প্রতিনিধি:
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ রাত ০৭:৪৫:৩২
সাংবাদিককে পিটিয়ে হত্যা: জড়িতদের গ্রেফতারের দাবি বিএমএসএফের
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম (নাম নিশ্চিত) নামে এক তরুণ সাংবাদিককে বাড়ি থেকে ডেকে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত দ্বীন ইসলাম কসবা উপজেলার শিমরাইল গ্রামের মধ্যপাড়ার শফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয়ভাবে অনলাইনভিত্তিক সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। তবে কারা এ ঘটনায় জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বিএমএসএফ নেতারা বলেন, “এভাবে একজন সাংবাদিককে পিটিয়ে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনা গোটা দেশের সাংবাদিক সমাজকে নাড়া দিয়েছে।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নিহত দ্বীন ইসলাম তার পরিচালিত অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এ কারণে স্থানীয়ভাবে কিছু ব্যক্তির সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল বলে অভিযোগ রয়েছে। নিরাপত্তাজনিত কারণে তিনি কিছুদিন কুমিল্লা শহরে বসবাস করছিলেন এবং ঈদ উপলক্ষে বাড়িতে এসেছিলেন।
সংগঠনটির নেতারা মনে করেন, পূর্ব শত্রুতার সূত্র ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তারা দ্রুত সন্দেহভাজনদের গ্রেফতার করে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।