নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ রাত ০৬:৩২:৩৪
জলাবদ্ধতা নিরসনে নোয়াখালীর আলোচিত ‘রিকশাওয়ালার বাঁধ’ অপসারণ
নোয়াখালীর কবিরহাট উপজেলার আলগির খালের ওপর নির্মিত আলোচিত ‘রিকশাওয়ালার বাঁধ’ অপসারণ করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালের ভয়াবহ বন্যার পর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সংকট নিরসনে আজ সোমবার দুপুরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাঁধটি কেটে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হয়।
বাঁধ অপসারণস্থলে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় এলাকাবাসী ও বিপুলসংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বাঁধ অপসারণস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও মহিলা পুলিশ মোতায়েন করা হয়।
একসময় বামনী নদীর লবণাক্ত পানি প্রবেশ ঠেকাতে মাটির এই আড়িবাঁধটি নির্মাণ করা হলেও পরবর্তীতে তা নোয়াখালী সদর, কবিরহাট ও কোম্পানীগঞ্জের পানি নিষ্কাশনে বড় বাধা হয়ে দাঁড়ায়।
সম্প্রতি বামনী নদীতে ক্লোজার ও ১৯-ভেন্ট রেগুলেটর নির্মাণের পর এই আড়িবাঁধটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি আলগির খাল ও জালিয়ার খালের মোট ১০.৫ কিলোমিটার এলাকা পুনঃখনন করা হচ্ছে।
প্রশাসন জানায়, বাঁধ অপসারণ ও খাল খনন সম্পন্ন হলে ১৫০ বর্গকিলোমিটার এলাকার প্রায় ৯ লাখ মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন। পাশাপাশি কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং এলাকার প্রায় ২৮০ কোটি টাকার স্থাবর সম্পদ সুরক্ষার পথ সুগম হবে।