নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ মার্চ ২০২৬ রাত ০৮:২৩:২৫
কমলগঞ্জে চার বছরেও মেলেনি বিধবা ভাতা, সমাজসেবা কার্যালয়ে ভোগান্তির অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে দিন দিন ক্ষোভ ও হতাশা বাড়ছে। বিশেষ করে বিধবা ভাতার মতো গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পেতে বছরের পর বছর অপেক্ষা করেও ফল না পাওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় নারীরা প্রায় চার বছর আগে বিধবা ভাতার জন্য আবেদন জমা দেন। প্রয়োজনীয় কাগজপত্র দাখিল ও যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পরও তাদের নামে এখনো কোনো ভাতা অনুমোদন হয়নি। আবেদনকারীরা নিয়মিত সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করলেও প্রতিবারই তাদের জানানো হচ্ছে, ‘বরাদ্দ আসেনি।’
ভুক্তভোগীরা জানান, জীবিকার তাগিদে চরম কষ্টে দিন পার করছেন তারা। সরকারি এই সহায়তা পাওয়ার আশায় বারবার কার্যালয়ে গিয়েও কোনো সুরাহা না পেয়ে তারা হতাশ হয়ে পড়েছেন। অনেকেই অভিযোগ করেন, দীর্ঘসূত্রতা ও সমন্বয়হীনতার কারণে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, নতুন করে বরাদ্দ না আসায় অপেক্ষমাণ আবেদনগুলো অনুমোদন দেওয়া সম্ভব হচ্ছে না। বরাদ্দ পেলেই পর্যায়ক্রমে ভাতা প্রদান করা হবে।
এদিকে দ্রুত বরাদ্দ নিশ্চিত করে প্রকৃত সুবিধাভোগীদের তালিকাভুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল যেন প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে—সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও আন্তরিক হওয়া প্রয়োজন।