হাবিবুর রহমান, জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ রাত ০৮:১০:২৪
জাদুকাটায় বালুধসে শ্রমিক নিহত, লাশ গুমের অভিযোগ
সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্ত নদী জাদুকাটায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুধসে লিয়াকত আলী (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় লাশ গুমের চেষ্টার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।
রোববার (২৯ মার্চ) ভোররাতে উপজেলার জাদুকাটা নদীর পশ্চিম তীরে (পাড়) বাঁশবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিয়াকত আলী জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর বাগগাঁও গ্রামের মৃত কুদ্দুছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইজারাবহির্ভূত জাদুকাটা নদীর পশ্চিম পাড়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। উপজেলার ঘাগটিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে মুসালমের নেতৃত্বে মাছুম, গড়কাটি ও লাউরগড় এলাকার ৫-৭ জনের একটি দল শনিবার গভীর রাত পর্যন্ত অর্ধশতাধিক শ্রমিক দিয়ে নদীর পাড় কেটে বালু উত্তোলন করছিল।
শ্রমিক সর্দার জাহাঙ্গীর ও নাদিমের মাধ্যমে ছোট ছোট স্টিলবডি ট্রলারে করে বালু তোলা হচ্ছিল। এ সময় ভোররাতে হঠাৎ নদীর পাড় ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে লিয়াকত আলীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেলেও তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
অভিযোগ রয়েছে, ঘটনার পরপরই থানা পুলিশকে না জানিয়ে মুসালম চক্রের লোকজন গোপনে লাশ ট্রলারে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে পরিস্থিতি পাল্টে যায়।
খবর পেয়ে তাহিরপুর থানার এসআই পংকজ দাশ রোববার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর বাগগাঁও গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান।
সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) প্রণয় রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই ঘটনায় আরও দুই শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগ অস্বীকার করে মুসালম বলেন, “আমি বাড়িতে ঘুমিয়ে ছিলাম। কী হয়েছে বা কে নিহত হয়েছে—এ বিষয়ে কিছুই জানি না।”
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম তুলিপ বলেন, “শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করে অবৈধভাবে নদীর পাড় কাটাতে নিয়োজিত করা, বালুধসে মৃত্যুর ঘটনা এবং পরবর্তীতে লাশ গোপনে সরিয়ে ফেলা—এসব আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ, যা হত্যাকাণ্ডের শামিল।”
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় সঠিক আইন প্রয়োগ করা হলে অবৈধ বালু উত্তোলন ও প্রাণহানি রোধে দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হবে।