শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৮:২৮
গঙ্গাচড়ায় তেল মজুত ও বেশি দামে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানাসহ মামলা
রংপুরের গঙ্গাচড়ায় জ্বালানি তেল অবৈধভাবে মজুত এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) উপজেলার বেতগাড়ি, আলমবিদিতর ও বড়বিল ইউনিয়নের বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জেসমিন আক্তার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বড়বিল ইউনিয়নের ‘সবুজ স্টোর’-এর মালিক নিজ বাসায় প্লাস্টিকের ড্রামে পেট্রল মজুত করে রাখতেন। পরে তা সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মোটরসাইকেল চালকদের কাছে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাসা থেকে মজুতকৃত জ্বালানি তেল জব্দ করা হয়।
এ ঘটনায় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং একটি মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।