মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৪:৫০
ধামরাইয়ে কাকরান এলাকায় হামলার ঘটনায় আহত আবুল হোসেনের মৃত্যু
ঢাকার ধামরাই উপজেলার কাকরান এলাকায় খাল ভরাট ও গাছ কাটাকে কেন্দ্র করে সংঘটিত দুই পক্ষের হামলায় আহত আবুল হোসেনের মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তাঁর মৃত্যুর আগে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান এলাকায় খাল ভরাট ও গাছ কাটাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মান্নান ও রানার পক্ষের লোকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এতে আবুল হোসেনসহ ৪ থেকে ৫ জন আহত হন। পরে গুরুতর আহত আবুল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয়রা জানান, মান্নান ও রানাসহ ১৫ থেকে ২০ জনের একটি দল হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে পরদিন গ্রামবাসী অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন। এঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে ধামরাই থানার ওসি তদন্ত মোঃ শহিদুল ইসলাম জানান এঘটনায় পূর্বে থানায় একটি মামলা রুজু হয়েছে, আজ চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মামলায় অভিযুক্ত ২ জন আসামীকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে ।