নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৬:০৫
ভাইরাল তাইজুলকে পথশিশু ফাউন্ডেশনের ঘর প্রদান
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ঢাকডহর সরকারপাড়া গ্রাম থেকে ভাইরাল হওয়া কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলামকে ঘর তুলে দেওয়ার কথা জানিয়েছেন পথশিশু ফাউন্ডেশন।
পথশিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন জানিযেছেন, তাইজুলের জন্য সংগঠনের পক্ষ থেকে ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি জিলাপির দাম নিয়ে তৈরি করা তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ জন্য তার নাম হয়েছে ভাইরাল তাইজুল ইসলাম। ওই ভিডিওতে দেখা যায়, তাইজুল স্থানীয় একটি দোকানে গিয়ে জিলাপি বিক্রি নিয়ে সরল ভাষায় কথা বলছেন। তিনি বলেন, ‘অনেক এখানে দোকানপাট, অনেক জিলাপি ভাজতেছে।
তার কাছে আমি প্রশ্ন করব—জিলাপি কত করে বিক্রি করছেন? সাদাডা কত, লালডা কত?’
পরে তাইজুল ইসলাম দোকানিকে প্রশ্ন করেন, ‘জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে? যদি জনগণকে বলতেন তাহলে অনেক খুশি হইতাম।’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ দর্শক তার সরলতা ও উপস্থাপনাকে বিনোদন হিসেবে দেখছেন এবং প্রশংসা করছেন।
জানা গেছে, তাইজুল ইসলাম তাজু নাগেশ্বরী উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত নারায়ণপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তার মায়ের নাম তাহেরা বেগম। ছয় ভাই-বোনের মধ্যে তাইজুল সবার বড়। তাইজুল পেশায় রাজমিস্ত্রির সহকারী (হেলপার) হিসেবে কাজ করেন।
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজের ফাঁকে ফাঁকে মজার ছলে ভিডিও করেন তিনি।
তাইজুল ইসলাম বলেন, ‘সাংবাদিকরা আমাদের এলাকার খবর করেন না। এ জন্য আমি ভিডিও করি। আমি বোকাসোকা মানুষ, আমার ভুল হতেই পারে। আপনারা আমাকে নিয়ে ট্রোল করেন। এতে আমার কষ্ট নেই। আমি চাই, চরের মানুষের উন্নয়ন হোক।’
নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওই ছেলের বাড়ি আমার পরিষদের সামনে। তবে ভাইরাল হওয়ার বিষয়টি আমার জানা নেই। আজ শুনলাম সে নাকি ভিডিও করে ভাইরাল হয়েছে।’