মনজু বিজয় চৌধুরী। (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ দুপুর ০২:৪২:০১
মাগুরছড়ায় রেলসেতুর নিচে যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় রেলসেতুর নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে অজ্ঞাত হিসেবে পাওয়া গেলেও পরবর্তীতে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের পাশের রেলসেতুর নিচে স্থানীয়দের চোখে পড়ে মরদেহটি। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পথচারীরা সেতুর নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে জানান। পরে ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল দেখা দেয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত যুবক হলেন কমলগঞ্জ সদর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামের বাসিন্দা চোরাগ আলীর ছেলে জুবায়ের আহমেদ (২০)।
এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম তালুকদার বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ আরও জানায়, ঘটনার পেছনের প্রকৃত রহস্য উদঘাটনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।