বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ রাত ০৬:৫১:২২
বেনাপোল পুটখালী সীমান্তে ইছামতি নদী থেকে ৫ মাদক কারবারি আটক
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকায় ইছামতি নদী থেকে পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৮ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ‘উইন্স কোরেক্স কফ’ সিরাপের ২ বোতল উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, পুটখালী ক্যাম্পের সুবেদার জামিল হোসেনের তত্ত্বাবধানে নায়েক মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে একটি টহল দল সীমান্তের মেইন পিলার ১৭/৭-এস এর ১২০-আর পিলারের নিকট, বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় নদীতে অবস্থানরত সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হয় এবং তাদের দেহ তল্লাশি করে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— ইউসুফ আলী (৩০), পিতা মৃত কামরুজ্জামান; মোঃ সাবু (৪০), পিতা চাবর আলী সরদার; মোঃ হায়দার আলী (২৭), পিতা মৃত ওসমান গাজী; মোঃ আলমগীর হোসেন (৩০), পিতা মৃত নজরুল ইসলাম— এদের সবার বাড়ি বেনাপোল পোর্ট থানার গয়রা গ্রামে। এছাড়া নয়ন মনি (৩৫), পিতা মোঃ সিদ্দিক আলী, গ্রাম ধলদাহ, পোস্ট রামপুর, থানা শার্শা, জেলা যশোর।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে স্থানীয়দের দাবি, আটককৃতদের কাছে আরও বিপুল পরিমাণ মাদক ছিল। সীমান্তে বিজিবি ও বিএসএফের উপস্থিতি টের পেয়ে তারা মাদক নদীর পানির নিচে লুকিয়ে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে অধিকতর তদন্ত চলছে বলে জানা গেছে।