কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ রাত ০৮:২০:২৯
টেকনাফে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (১৭ আগস্ট) টেকনাফ মডেল থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র ও ওয়ারেন্ট তামিলের জন্য অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গমছাড়া এলাকায় ইউনুছের বাড়িতে ইয়াবা মজুদের তথ্য পাওয়া যায়।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১২টা ৫৫ মিনিটে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আলী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ব্যবহৃত খাটের নিচ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পরে একই বাড়ির অন্য একটি কক্ষে থেকে মোহাম্মদ আমিনকে আটক করা হয়। তার ব্যবহৃত খাটের নিচ থেকে আরও ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় দুইজনের কাছ থেকে সর্বমোট ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে তথ্য দিয়েছে।
পুলিশ জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।