সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ রাত ০৭:৩৪:৪৩
ডেমরায় র্যাবের অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ১
রাজধানীর ডেমরায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ১০০ গ্রাম হেরোইনসহ রনি ভূঁইয়া নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রোববার (১৬আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ডেমরা-নারায়ণগঞ্জ সড়ক সংলগ্ন হাজিনগর এলাকায় একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় ।
এ সময় রনি ভূঁইয়াকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার ব্যবহৃত ওয়ারড্রব থেকে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এছাড়া তার বাসা তল্লাশি করে ২টি ওয়াকিটকি, ২টি হ্যান্ড মাইক ও একটি ইলেকট্রিক শকারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে র্যাব-১১ এর উপঅধিনায়ক লেঃ কমান্ডার মোঃ নাঈম উল হক জানান, গ্রেফতার রনি ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার হাসান ভূঁইয়ার ছেলে। বর্তমানে সে রাজধানীর ডেমরা থানার মধ্য হাজীনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। রনি আড়াইহাজার, ডেমরাসহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
তিনি বলেন, তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় চারটি ডাকাতি মামলা ও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।