নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১০:২৮
২ হাজার তরুণের অংশগ্রহণে বিইউপিতে স্ফূরণ ৬.০
২ হাজারের বেশি তরুণের অংশগ্রহণে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) অনুষ্ঠিত হয়েছে স্ফূরণ ৬.০। ২৭ ও ২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী আয়োজনে ফটোগ্রাফি, ভিজ্যুয়াল স্টোরিটেলিং ও বিজ্ঞাপনচিত্র নির্মাণসহ বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। বিইউপি ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে ও অপো বাংলাদেশের স্পনসরশিপে স্ফূরণের ষষ্ঠ আসরে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণ ফটোগ্রাফার, সৃজনশীল ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। এই আয়োজন শিক্ষার্থী ও উদীয়মান সৃজনশীলদের ভাবনা বিনিময় এবং ভিজ্যুয়াল প্রকাশের বিভিন্ন ধারার সাথে পরিচিত হওয়ার এক অর্থবহ সুযোগ তৈরি করে দেয়।
স্ফূরণ ৬.০-এ বেশ কয়েকটি সৃজনশীল বিভাগ ছিল, ক্যামেরা ফটোগ্রাফি কনটেস্ট, মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট, অ্যাডভার্টাইজমেন্ট মেকিং কনটেস্ট এবং আর্ট ও কার্টুন প্রদর্শনী। ২,০০০-এরও বেশি অংশগ্রহণকারীর ২,০০০-এরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে এই আয়োজন তরুণ সৃজনশীলদের জন্য ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের বিভিন্ন রূপ খোঁজা ও তাদের সৃজনশীল কাজ আরও বড় পরিসরে উপস্থাপনের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে।
দুইদিনের এই আয়োজন ফটোগ্রাফি ও মোবাইল প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরেছে। কীভাবে তরুণেরা প্রতিদিনের অভিজ্ঞতাগুলো ধারণ করে এবং সেগুলোকে চমৎকার সব ভিজ্যুয়াল গল্পে রূপান্তরিত করে তা উঠে এসেছে। আয়োজনের অংশ হিসেবে অপোর ‘মেক ইওর মোমেন্ট’ ধারণাকে কেন্দ্র করে একটি বিশেষ ভিডিও তৈরি করা হয়, যেখানে তরুণ সৃজনশীলরা কীভাবে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে প্রতিদিনের মুহূর্তগুলো পর্যবেক্ষণ, ধারণ ও রূপান্তরিত করেন তা উঠে এসেছে।
অনুষ্ঠানে ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা দেওয়া বাছাইকৃত ছবিগুলো নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনী অংশগ্রহণকারী ফটোগ্রাফারদের দর্শকদের সামনে তাদের কাজ উপস্থাপনের সুযোগ দেয়; একইসাথে, দর্শনার্থীরা তরুণ সৃজনশীলদের চোখে মানুষ, স্থান ও দৈনন্দিন জীবনের বিভিন্ন আবেগ অনুভব করার সুযোগ পান।
আয়োজনে অপো বাংলাদেশ অথোরাইজড ডিস্ট্রিবিউটরের মার্কেটিং ম্যানেজার মো. নাজিমউদ্দৌলা নিলয় ও ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার মো. নাজমুস সাকিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অপো বিশেষ অফার ও আফটার-সেলস সার্ভিস ডিসকাউন্টের মাধ্যমে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের সাথে যুক্ত হয় এবং তরুণ সৃজনশীলদের সহযোগিতা করার প্রতি তাদের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। আয়োজনে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।