নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৬:৩১
সরাসরি চুক্তিতে পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স-এ মোস্তাফিজ
টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। এই জন্য দলটিকে খরচ করতে হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।
তবে কিছুদিন আগেই নিলামে কাড়াকাড়ি করে মোস্তাফিজুর রহমানকে
কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বিসিসিআইয়ের কারণে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এবার সেই মোস্তাফিজকেই দলে ভিড়িয়েছে
ফ্র্যাঞ্চাইজি লাহোর।
লাহোর কালান্দার্স এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের বাংলাদেশি
ভাই, মোস্তাফিজুর রহমান যাকে ২০১৬ এবং ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, এখন আমাদের সাথে
সরাসরি চুক্তিবদ্ধ। অবশেষে পরিবারের মাঝে আবারও ফিরে এসেছেন।
আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ দেয়ার পর পাকিস্তান সুপার
লিগের (পিএসএল) নিলামের জন্য নিবন্ধন করেছিলেন মোস্তাফিজ। ৩০ বছর বয়সি পেসারের একটি
ছবি পোস্ট করে পিএসএলের অফিসিয়াল পেজে লেখা হয়, মোস্তাফিজুর রহমান-পিএসএলের নতুন যুগে
স্বাগত।
এর আগে পিএসএলে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে
৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার।