স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৮:১৯
অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের মেয়েরা
ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ নারী দলকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৪.২ ওভার হাতে রেখেই অনায়াস জয় তুলে নেয় অজিরা।
টসে হেরে ব্যাট করতে নেমে অ্যানাবেল সাদারল্যান্ডের তোপের মুখে পড়ে নির্ধারিত ৪৯.৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে অভিজ্ঞ অলরাউন্ডার ঋতু মনি সর্বোচ্চ ৪৫ রান (৬৩ বল) করেন।
এছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৯ এবং স্বর্ণা আক্তার ২১ রান যোগ করেন। অস্ট্রেলিয়ার পেসার মেগান শুট ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ওয়ানডেতে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। সাদারল্যান্ড ৩০ রান দিয়ে নেন ৪টি উইকেট এবং শুট ১০ ওভারে ১৯ রান দিয়ে নেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে তরুণ ওপেনার ফিবি লিচফিল্ডের ঝড়ো ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। লিচফিল্ড ৫৭ বলে ১০টি চার ও ১টি ছক্কায় ৭৭ রানের ইনিংস খেলেন। জর্জিয়া ভল ১৯ ও বেথ মুনি ১৩ রান করেন। বাংলাদেশের হয়ে অভিষেক হওয়া তরুণ বোলার হাবিবা ইসলাম পিঙ্কি ২টি উইকেট শিকার করেন।
একই ভেন্যুতে আগামী রোববার (১১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।