নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ সকাল ১১:৪০:২৪
ভারত খেলছে ট্রফির জন্য, আমরা হারার জন্যই অংশ নিচ্ছি:রশিদ লতিফ
টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপটের সাথে শিরোপা জিতে নিয়েছে ভারত। অন্যদিকে শেষ আট থেকেই শোচনীয় বিদায় হয়েছিল ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। এতে ক্ষোভে ফেটে পড়েছেন সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার মতে, ভারতের রক্তে মিশে আছে ট্রফি জয়ের নেশা, আর পাকিস্তান যেন হারার জন্যই মাঠে নামে!
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে
৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এটি তাদের
তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। ভারতের এই সাফল্যে মুগ্ধ লতিফ বলেন, “টসে হেরেও
তারা ২৫০ রান তুলছে। এখন কাউকেই তাদের ধারেকাছে দেখা যাচ্ছে না। এটা রাতারাতি হয়নি;
গত ১০ বছরের কঠোর পরিশ্রমের ফসল এটি। তারা এখন বড় টুর্নামেন্টের ফাইনালে ওঠা এবং শিরোপা
জয়কে অভ্যাসে পরিণত করেছে।”
অন্যদিকে, সুপার এইট থেকেই বিদায় নেওয়া পাকিস্তান দল নিয়ে
লতিফের মন্তব্য বেশ তিক্ত। তিনি বলেন, “ভারতের ডিএনএতেই আছে ট্রফি জয়, আর আমাদের ডিএনএ
হলো নকআউট পর্বের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া। তারা খেলছে ট্রফির জন্য, আর আমরা
যেন স্রেফ হারার জন্যই অংশ নিচ্ছি।”
উল্লেখ্য, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স
ট্রফি জয়ের পর ভারত এখন টানা তিনটি আইসিসি সাদা বলের শিরোপা ঘরো তুলেছে। ঘরের মাঠে
বিশ্বকাপ জিতে ভারত যেখানে উৎসবের জোয়ারে ভাসছে, সেখানে লতিফের এমন মন্তব্য পাকিস্তান
ক্রিকেটের সংকটের গভীরতাকেই যেন আরও একবার সামনে নিয়ে এলো।