নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২০:২৬
বাংলাদেশকে পরিকল্পিতভাবে বিশ্বকাপ থেকে দূরে রাখা হয়েছে: জামায়াত আমির
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকত টিভি স্ক্রিনে। সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে।
‘দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদের পরিকল্পিতভাবে দূরে রাখা হলো।’
ক্রিকেটারদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সাথে কোনো আপস নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাব, ইনশাআল্লাহ।
এ সময় বাংলাদেশ ভবিষ্যতে আন্তর্জাতিক ইভেন্টে মাথা উঁচু করে, গর্ব, শক্তি ও সম্মান নিয়ে ফিরবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।