নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ বিকাল ০৩:৪৫:৩৬
খেলাবান্ধব পরিবেশই সমাজের গুণগত পরিবর্তন আনবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘটা করে জার্মান-আমেরিকান কোচ থমাস ডুলিকে নতুন প্রধান কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার মাত্র একদিন পরই তার নিয়োগ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, ডুলির সঙ্গে এখনও চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি এবং ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচটিকেই তার মূল্যায়নের প্রথম ধাপ হিসেবে দেখা হবে।
রাজধানীতে এএফসি গ্রাসরুটস ফুটবল ডে অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল হক বলেন, ‘আমরা সান মারিনো ম্যাচকে পরীক্ষামূলক হিসেবে দেখতে চাই এবং এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই। আমার মতে, বাংলাদেশের ফুটবলের বর্তমান বাস্তবতায় আগে পরীক্ষামূলকভাবে কোচকে মূল্যায়ন করা উচিত।’
আমিনুল হক যোগ করেন, ‘ভবিষ্যতে আরও ভালো মানের কোনো কোচ পাওয়া গেলে তাকে দ্রুত দায়িত্বে আনার সুযোগ রাখতে হবে।’ এই বিষয়ে ইতোমধ্যে বাফুফে সভাপতিকে পরামর্শ দিয়েছেন বলেও জানান আমিনুল।
ডুলির নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিছুটা আক্ষেপও প্রকাশ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, কোচ খোঁজার সময় বাফুফে সভাপতির সঙ্গে তার আলোচনা হলেও ডুলিকে নিয়োগ দেওয়ার বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি।
আমিনুল হক বলেন, ‘ক্রিস কোলম্যানের বিষয়ে তারা আমার সার্বিক সহযোগিতা চেয়েছিল এবং আমি রাজি হয়েছিলাম। কিন্তু থমাস ডুলির নিয়োগের ব্যাপারে বাফুফে আমার কাছে কোনো সাহায্য চায়নি।’
তবে বাফুফে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে কোনো দূরত্ব বা মতবিরোধ নেই বলেও দাবি করেন আমিনুল। দেশের ফুটবলের উন্নয়নের স্বার্থে দুই পক্ষই একসঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।