নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ সকাল ০৯:৫১:২০
ব্রাজিল দলে নেই নেইমার, বিশ্বকাপে অনিশ্চয়তা
দীর্ঘদিনের চোট আর অনিশ্চয়তার মধ্যে এবারও ব্রাজিল দলে জায়গা হলো না নেইমার জুনিয়রের। ২০২৬ বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচের দলেও তাকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি, যা এই তারকা ফরোয়ার্ডের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
৩৪ বছর বয়সি নেইমার ইনজুরির কারণে দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের বাইরে। ২০২৩ সালের অক্টোবরে এসিএল ইনজুরিতে পড়ার পর থেকে আর ব্রাজিলের হয়ে মাঠে নামেননি তিনি। গত ডিসেম্বর বাম হাঁটুতে অস্ত্রোপচার করানোর কারণে চলতি মৌসুমের বড় অংশেও ছিলেন মাঠের বাইরে। বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসে খেলা নেইমার চলতি মৌসুমে চার ম্যাচে দুই গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন। সম্প্রতি জাতীয় দলে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি জাতীয় দলে ফিরতে চাই, বিশ্বকাপেও খেলতে চাই। তবে সেটা আমার হাতে নেই,’। তবে কোচ আনচেলত্তি আপাতত ভরসা রাখছেন নতুনদের ওপর। ঘোষিত ২৬ সদস্যের দলে নেইমার না থাকলেও প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার ইগর থিয়াগো। প্রিমিয়ার লিগে দুর্দান্ত মৌসুম কাটানো এই ফরোয়ার্ড ৩০ ম্যাচে ১৯ গোল করে নজর কেড়েছেন। দলে আরও নতুন মুখ হিসেবে আছেন বোর্নমাউথের তরুণ ফরোয়ার্ড রায়ান, ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার লিও পেরেইরা এবং গালাতাসারায়ের মিডফিল্ডার গ্যাব্রিয়েল সারা। অন্যদিকে দলে ফিরেছেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক, যিনি বর্তমানে লিওঁতে ধারে খেলছেন। তবে জায়গা হয়নি মিডফিল্ডার লুকাস পাকেতার।
মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২৬ মার্চ যুক্তরাষ্ট্রে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার পর ১ এপ্রিল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। বিশ্বকাপের আগে এটিই তাদের শেষ আন্তর্জাতিক ক্যাম্প। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘সি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার (৭৯ গোল) বিশ্বকাপে জায়গা পাবেন কি না—এখন সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন, বেন্টো ও এডারসন;
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সানতোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ইবানেজ, লিও পেরেইরা, মারকিনিয়োস ও ওয়েসলি;
মিডফিল্ড: আন্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, দানিলো, ফাবিনিও ও গ্যাব্রিয়েল সারা;
ফরোয়ার্ড: এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিক, মাতেউস কুনহা, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও জোয়াও পেদ্রো।