নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৬ বিকাল ০৫:৫৮:৪৮
বিশ্বকাপ উপলক্ষে শিশু-কিশোর ফান ফুটবলের উদ্বোধন ১৫ জুন
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে শিশু-কিশোরদের খেলাধুলার মানোন্নয়ন, প্রসার ও বিনোদনের লক্ষ্যে মাসব্যাপী “শিশু-কিশোর ফান ফুটবল” আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন (বিএসসিএ)।
সংগঠনটির উদ্যোগে আগামী ১৫ জুন বিকেল ৪টায় রাজধানীর বাফুফে সংলগ্ন টার্ফ মাঠে এ আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন মাঠে মাসব্যাপী এ ফুটবল উৎসব অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফুর রহমান জানান, শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি অনুষ্ঠানটি সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
আয়োজকদের প্রত্যাশা, মাসব্যাপী এই আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসারে সহায়ক হবে।