নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ মে ২০২৬ দুপুর ০২:৩২:১৬
ফিফা থেকে সুখবর পেল নারী ফুটসাল দল
ফুটবলেরই আরেকটি সংস্করণ ফুটসাল। বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়ও খেলাটি। কিন্তু বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ফুটসালের যাত্রা শুরু হয়েছে গত বছর। প্রথম বছরেই দারুণ সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। প্রথম আসরেই অপরাজিত থেকে সাফ নারী ফুটসালের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
সেই সাফল্যের পুরষ্কারও পেল এবার। শুক্রবার (৮ মে) ফুটসালের র্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেখানে উন্নতি হয়েছে বাংলাদেশের। র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ৪৪ নম্বর থেকে ৪২ নম্বরে ওঠে এসেছে বাংলাদেশ নারী ফুটসাল দল। অন্যদিকে, প্রথমবার র্যাঙ্কিংয়ের মধ্যে ঢুকেছে পুরুষ ফুটসাল দল।
২০১৭ সালে এশিয়া কাপে অংশ নেওয়ার মাধ্যমে নারী ফুটসাল দলের পথচলা শুরু হয়েছিল। কিন্তু এরপরই নিভে যায় আলো। চলতি বছর আবারও ফুটসালে জোর দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক সময়ের ফুটবল দলের সদস্য সাবিনা খাতুন-মাসুরা পারভীন-কৃষ্ণা রাণীদের নিয়ে নতুন করে গঠন করা হয় নারী ফুটসাল দল। প্রথম আসরেই সাফল্য দেখিয়েছেন তারা।
অন্যদিকে, বাংলাদেশ পুরুষ ফুটসাল দলও র্যাংকিংয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছে। গত বছর প্রথমবারের মতো এশিয়ান কাপ বাছাইপর্ব এবং পরে সাফ টুর্নামেন্টে অংশ নেয় পুরুষ দল। দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার পর বাংলাদেশ পুরুষ দলের অবস্থান এখন ১৩৯ নম্বরে। মোট ১৪৩টি দেশ পুরুষ ফুটসাল র্যাংকিংয়ে স্থান পেয়েছে।
ফিফার প্রকাশিত এই র্যাংকিংয়ে নারী ও পুরুষ—উভয় বিভাগেই বিশ্বসেরার মুকুট ধরে রেখেছে ব্রাজিল।