নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৬ সকাল ১০:২৩:৩৬
এমবাপ্পের রেকর্ডে বিশ্বকাপে ফ্রান্সের রাজসিক শুরু
বিদ্যুৎ গতি আর ক্ষীপ্রতায় রেকর্ড ভেঙ্গে সবচেয়ে কম বয়সে ফাইনালে গোল করার রেকর্ড করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ২০১৮ সালে বিশ্বকাপ জেতা ও ২০২২ সালের ফাইনালে হ্যাটট্রিকসহ আসর জমিয়েছিলেন এমবাপ্পে। এবার ২০২৬ বিশ্বকাপে এমবাপ্পে শুরুটা করেছেন দু্দান্ত। তার জোড়া গোলে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপে রাজসিক শুরু করেছে ফ্রান্স।
নিউইয়র্কের নিউজার্সিতে আই গ্রুপের ম্যাচে শেষ পর্যন্ত সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ফরাসিরা।
ফ্রান্সের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। তাতে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন এমবাপ্পে। ফরাসিদের অন্য গোলটি ব্র্যাডলি বারকোলার। অন্যদিকে সেনেগালের হয়ে একটি গোল শোধ দিয়েছেন ইব্রাহিম এমবায়ে।
এদিন ম্যাচের প্রথমার্ধেক কেমন যেন নিষ্প্রভ ছিল ফ্রান্স। সেনেগাল একের পর এক আক্রমণের বিপরীতে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকে ফ্রান্স-সেনেগাল সমানতালে খেলতে থাকে। তবে ফ্রান্সের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছে সেনেগাল। ম্যাচের ২৫ মিনিটে নিকোলাস জ্যাকসনের শট পোস্টে লেগে প্রতিহত হওয়ায় অল্পের জন্য গোল বঞ্চিত হয় সেনেগাল।
তারকা ঠাঁসা দল নিয়ে ভালো খেলতে পারেনি ফ্রান্স। তাদের চেয়ে সেনেগাল বরং বেশি উজ্জ্বল ছিল। গোলের একাধিক সুযোগও পেয়েছিল তারা। কিন্তু পোস্টের বাধা এবং ফিনিশিংয়ের ব্যর্থতায় প্রথমার্ধে গোল পায়নি আফ্রিকান দেশটি।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। ম্যাচের ৬৬ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মাইকেল ওলিসের অ্যাসিস্টে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেছেন ফ্রান্স অধিনায়ক।
ম্যাচের ৮২ মিনিটে ফ্রান্সের লিড দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। আদ্রিয়াঁ রাবিওর লম্বা করে বাড়ানো থ্রু পাস ধরে ঠান্ডা মাথায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান এই পিএসজি তারকা।
যোগ করা সময়ে এমবায়ে একটি গোল ফেরত দিয়ে ম্যাচ জমিয়ে তোলার আভাস দিয়েছিল। তবে শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে নিজের দ্বিতীয় ও ফ্রান্সের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে।
বিশ্বকাপে এটি এমবাপ্পের ১৪তম গোল। এছাড়া জাতীয় দলের জার্সিতে ৫৮ গোল হয়ে গেল ফরাসি তারকার। ফ্রান্সের হয়ে এখন এমবাপ্পেই সর্বোচ্চ গোলের মালিক।