নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪২:০২
এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাক করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার এবং আইনের বাস্তব প্রয়োগ দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ডা. শফিকুর রহমান ন্যায়বিচার চেয়েছেন।
জামায়াত আমির লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি (টুইটার), যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে।’
ন্যায়বিচার চেয়ে ডা. শফিকুর রহমান লেখেন, ‘আমি আশা করি, এখন ন্যায়বিচারটাও পাব- এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আশা করি, এখান থেকে অনেকেরই শিক্ষা হবে। অপেক্ষায় রইলাম—আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য। অতি অল্প সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ।’
এর আগে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে রাষ্ট্রপতি দফতরের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার মো. ছরওয়ার আলমকে আটক করা হয়। পাশাপাশি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকে ব্যবহৃত ডিভাইসও উদ্ধার করেছে ডিবি।
এরও আগে, গত ৩১ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কর্মজীবী নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে আইডিটি হ্যাক করা হয় বলে জানা যায়।
যদিও বিএনপি এবং দলটির অঙ্গসংগঠন ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, জামায়াত আমির স্বয়ং পোস্টটি দিয়ে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার নাটক করছেন। এছাড়া বিভিন্ন মহল থেকেও শুরু হয় তুমুল সমালোচনা।
এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি ভোরে জামায়াতের পক্ষ থেকে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরবর্তীতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনার তদন্তের অগ্রগতি জানতে বঙ্গভবনে যান জামায়াতের চার সদস্যের একটি প্রতিনিধি দল। তারা প্রায় পৌনে এক ঘণ্টা আলোচনা করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট প্রকাশের দাবি জানান।