নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ মার্চ ২০২৬ রাত ০৮:০৪:৩৩
দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত
দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী মুসলিমদের অংশগ্রহণে “ইসো আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল–২০২৬” অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) এ আয়োজনের ফাইনাল পর্ব সম্পন্ন হয়।
অনুষ্ঠানটি গিয়ংগি-দো প্রদেশের গিম্পো সিটির ইয়াংচোন-ইউহিয়নসাক-সি-রো ৯২-৪০ ঠিকানায় অবস্থিত ইজেন বাইতুল আমান মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্র জানায়, পবিত্র কোরআন তেলাওয়াতের সুমধুর প্রতিযোগিতা ও ইসলামী সংগীত পরিবেশনার মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে দ্বীনি চেতনা জাগ্রত করা এবং রমজানের পবিত্রতাকে কেন্দ্র করে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই ছিল এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ফাইনাল পর্ব শেষে সম্মিলিত ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যেখানে প্রবাসী মুসলিমরা একসঙ্গে ইফতারে অংশ নেন।
এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ইপিএস স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন (ESWO), দক্ষিণ কোরিয়া।