সংরক্ষিত নারী আসনে নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ রাত ০৬:০৯:২৯
বিএনপি থেকে ৬ শতাধিক মনোনয়ন ফরম সংগ্রহ
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে। আজ শনিবার (১১ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, সংরক্ষিত নারী আসনের জন্য দলের মনোনয়ন ফরম গতকাল থেকে বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনেই পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছিল। আজ ও আগামীকালও ফরম বিক্রি এবং জমা দেওয়ার কাজ চলবে। এখন পর্যন্ত ৬০০-এর বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
রিজভী আরও বলেন, প্রার্থীদের আকাঙ্ক্ষা ও যোগ্যতা বিবেচনায় নিয়ে দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আজ-কালের মধ্যেই বাছাই প্রক্রিয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে গণতান্ত্রিক লড়াইয়ের পর আজ আমরা এ জায়গায় এসেছি। এবার প্রত্যাশা অনেক বেশি। যারা রাজপথে সক্রিয় ছিলেন, আন্দোলন-সংগ্রামে জেল-জুলুম সহ্য করেছেন এবং যাদের সংসদে যুক্তি দিয়ে কথা বলার দক্ষতা রয়েছে, তাদেরকেই দল মূল্যায়ন করবে বলে আমার বিশ্বাস।
অপরদিকে বিএনপির সহদপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং জানান, শনিবার দুপুর ১টা পর্যন্ত ৬০০টির বেশি ফরম বিক্রি হলেও জমা পড়েছে ৭৮-৭৯টি। আগামীকাল রোববার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। এদিন সব ফরম জমা পড়বে বলে আশা করা হচ্ছে।
এবারের মনোনয়ন দৌড়ে শিক্ষক, আইনজীবী, শিল্পী ও সাবেক ছাত্রনেত্রীদের সরব উপস্থিতি দেখা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন—কণ্ঠশিল্পী কনকচাঁপা, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইনসহ সাবেক নারী সংসদ সদস্যরা।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। ফরম জমা দেওয়ার সময় প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত দিতে হবে।
এদিকে, গত বুধবার নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দের পর আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আসন বণ্টনের সমীকরণ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত নারী আসন পাচ্ছে।