নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ জুন ২০২৬ রাত ০৯:০৫:২৪
১৫ জুন আরও ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১৫ জুন আরও ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে।
সোমবার (৮ জুন) বিকেলে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ১০ মে প্রথম দফায় এনসিপি সমর্থিত ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ওইদিন রাজধানীর বাংলামোটর এলাকায় দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রথম ধাপের প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম ছাড়াও কমিটির সদস্য তাহসীন রিয়াজ, আলাউদ্দীন মোহাম্মদ ও মনজিলা ঝুমা উপস্থিত ছিলেন। এছাড়া এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মো. আতাউল্লাহ এবং এস এম সুজা বিভাগভিত্তিক প্রার্থীদের নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, এরও আগে গত ২৯ মার্চ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছিল এনসিপি।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলা ও পৌরসভায় দলীয় সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে। আগামী ১৫ জুন দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম প্রকাশ করা হবে।