নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ রাত ০৬:০৪:৪১
অগ্নিদগ্ধ শিশু লামিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন ড. খন্দকার মারুফ হোসেন
রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ শিশুকন্যা লামিয়া (৮)-এর চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্ট আপিল বিভাগের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন লামিয়াকে দেখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন।
ড. খন্দকার মারুফ হোসেন জানান, অগ্নিদগ্ধ লামিয়ার সার্বিক চিকিৎসার দায়িত্ব তিনি নিজেই বহন করবেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপি নেতা মো. রমিজউদ্দিন লন্ডনী, এম. এম. মিজানুর রহমান ও আবু ইউসুফ নয়নসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চতুর্থ শ্রেণির ছাত্রী লামিয়া (৮) কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের দরিদ্র কৃষক সাহাব উদ্দনের কন্যা। বর্তমানে সে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।