নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ রাত ০৮:৩৮:১৩
সংস্কার বাস্তবায়নে এনসিপির লড়াই অব্যাহত থাকবে: নাহিদ ইসলাম
সোমবার (১৬ মার্চ) রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সরকার আবারও পুরোনো পথে হাঁটতে শুরু করেছে এবং সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। তিনি বলেন, “আমরা সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে। সরকার যদি পুরোনো পথে হাঁটে, তাহলে আমাদের নতুন দিগন্ত উন্মোচন করতে হবে। সংস্কার বাস্তবায়নের লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন। এছাড়াও এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, “পরিবর্তন ও জুলাই সনদ বাস্তবায়নের লড়াইয়ে এনসিপির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।”
ইফতার মাহফিলের সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সরদার আমিরুল ইসলাম সাগর। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।