নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ মার্চ ২০২৬ রাত ০৯:২৭:১৯
মিথ্যা মামলা দিয়ে মুখ বন্ধ করা যাবে না : নাহিদ
মিথ্যা মামলা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মুখ বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
রোববার (৮ মার্চ) বরিশালের হালিমা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আবারও আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মামলা দিয়ে পাটওয়ারীদের মুখ বন্ধ করা যাবে না। একজন পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে।’
তিনি বলেন, ‘বিএনপিকে আওয়ামী লীগের মতো দেখতে চান না। বিএনপি একটি ফ্যাসিবাদবিরোধী দল এবং গণঅভ্যুত্থানে বিএনপির নেতাকর্মীরা রাজপথে ছিল। তবে বিএনপি যদি সেই আন্দোলনের চেতনার সঙ্গে বেঈমানি করে আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে এবং দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের আশ্রয় দেয়, তাহলে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া অন্য কোনো পথ থাকবে না।’
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় নির্বাচনে নানা ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে তাদের অনেক প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে তা মেনে নেওয়া হয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি মেনে নেওয়া হবে না।’
তিনি বরিশাল বিভাগের নেতাকর্মীদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও বরিশাল বিভাগের নেতারা।
এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের বরিশাল বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।