নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ রাত ১০:৫১:৩০
অনলাইনে ভিন্নমত দমনে গ্রেপ্তার ও হয়রানিতে ছাত্রশিবিরের উদ্বেগ
অনলাইন প্ল্যাটফর্মে ভিন্নমত প্রকাশের জেরে দেশজুড়ে সাধারণ নাগরিক ও রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রবিবার (২০ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ উদ্বেগ জানান। তারা অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠরোধে তৎপর হয়ে উঠেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ দাবি করেন, সাম্প্রতিক সময়ে ফেসবুক পোস্ট ও কার্টুন শেয়ার করার অভিযোগে বিভিন্ন জেলায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ময়মনসিংহের আজিজুল হক, ঢাকার হাসান নাসিম, মুন্সীগঞ্জের শাওন মাহমুদ এবং ঠাকুরগাঁওয়ের আবদুল্লাহ আল মামুন রয়েছেন। এছাড়া ভোলায় বিবি সাওদা নামে এক গৃহিণীকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, পরে আদালত থেকে তিনি জামিন পান।
নেতৃবৃন্দ এসব ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান। তারা সরকারের কর্মকাণ্ডকে ‘দ্বিমুখী আচরণ’ হিসেবে উল্লেখ করে বলেন, নির্বাচনের আগে বাকস্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমানে সমালোচনা সহ্য করা হচ্ছে না।
বিবৃতিতে আরও বলা হয়, ময়মনসিংহে সুনির্দিষ্ট মামলা ছাড়াই ৫৪ ধারায় গ্রেপ্তার এবং ঢাকায় সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগের মাধ্যমে অনলাইন অ্যাক্টিভিস্ট ও কার্টুনিস্টদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। তাদের অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতে জনগণের মধ্যে ভীতি তৈরি করা হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের গঠনমূলক সমালোচনা করার অধিকার রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাধারণ ছাত্র, গৃহিণী ও অনলাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা ভিন্নমত দমনের শামিল।
পরিশেষে তারা সরকারকে সমালোচনা গ্রহণের আহ্বান জানিয়ে রাজনৈতিক কারণে গ্রেপ্তারকৃত সকল ব্যক্তির নিঃশর্ত মুক্তির দাবি জানান।