নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ মে ২০২৬ রাত ০৬:১১:৫৮
তারেক রহমানের নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রীম কোর্টের আপীল বিভাগের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের উন্নয়নের স্বপ্নসারথি। তাঁর গতিশীল নেতৃত্বে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। সেই লক্ষ্য অর্জনে সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি তথা জনগণের স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করছে।
ড.খন্দকার মারুফ বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গত তিন মাসে অসহায়, দু:স্থ এবং কৃষক পরিবারে সচ্ছলতা ফেরাতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিচ্ছে। কৃষিতে উৎপাদন বাড়াতে খাল খনন কর্মসূচি চালু করেছে। এইভাবে রাষ্ট্রীয় বিভিন্ন গণমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে মানুষের মন জয় করেছে। দেশের মানুষ এখন তারেক রহমানকে নিয়ে স্বপ্ন দেখছেন। জনগণ বিপুলভাবে উচ্ছ্বসিত এবং আশাবাদী। মানুষ পথে প্রান্তরে ইতোমধ্যে বলাবলি শুরু করেছে, তারেক রহমানই পারবে- দেশকে এগিয়ে নিতে,তাঁর অভীষ্ট লক্ষ্যে।
তিনি শনিবার (২ মে) কুমিল্লার মেঘনা সদরে উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এইসব কথা বলেন।
মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক মো. রমিজউদ্দিন লন্ডনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সদস্য সচিব এম.এম মিজানুর রহমান। উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভুইয়া, দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মো: সেলিম সরকার,মেঘনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো.সালাউদ্দিন সরকার, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন সরকার,দিলারা শিরীন, ডা.আবদুল কাইয়ুম, অধ্যাপক ড. নজরুল ইসলাম,অধ্যাপক শহীদুল ইসলাম,আবদুল গাফফার,আনিসুর রহমান,আবদুল মতিন,হুমায়ুন কবির,আবু ইউসুফ নয়ন, আবদুল কাদির,সিদ্দিকুর রহমান ও জহিরুল ইসলামসহ সদস্যগণ।
ড.খন্দকার মারুফ বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে দেশ ও জনগণের কল্যাণে বিরামহীনভাবে কাজ করছেন। মানুষ সরকারের গণমুখী ও গুরুত্বপূর্ণ ভূমিকার সুফল পেতে শুরু করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে 'ঐতিহাসিক খাল খনন কর্মসূচী' প্রবর্তন করেন। এটি একটি কৃষি ও জনবান্ধব প্রকল্প। বিএনপি ক্ষমতায় এসে আবারও খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের দু:শাসনে নিষ্পেষিত জাতির কল্যাণে অগ্রপথিক হয়ে তিনি রাষ্ট্রের হাল ধরেছেন। ইনশাআল্লাহ, তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ দ্রুতই বিশ্ব মানচিত্রে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসাবে আত্মপ্রকাশ করবে।
তিনি বলেন, দেশের শিশু,কিশোর ও যুবকদের মাদক ও জুয়ার নেশাকে 'না' বলতে এবং খেলাধুলার দিকে দৃষ্টি ফেরাতে প্রধানমন্ত্রী বিভিন্ন নান্দনিক কর্মসূচি হাতে নিয়েছেন। তারেক রহমান আজ (শনিবার) সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে 'শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা' অন্বেষণে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন করেছেন। এই সুন্দর কর্মসূচি দেখে অবশ্যই আমরা আশাবাদী হবো। সরকারের ভালো কাজ ও সিদ্ধান্তকে স্বাগত জানাবো।
ড.খন্দকার মারুফ হোসেন বক্তব্যে মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানান। তিনি বলেন,আমার দৃঢ় আশাবাদ, নতুন নেতৃত্ব তাদের প্রজ্ঞা,শ্রম দিয়ে আগামী দিনে বিএনপিকে আরও সুসংগঠিত করবেন।এলাকায় জনগণের পাশে থেকে দলকে জনপ্রিয় করে তুলতে সক্ষম হবে।
খন্দকার মারুফ বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার পাবলিক পরীক্ষায় পাইকারীহারে কেবল পাশ বাড়িয়েছে। তারা শিক্ষার গুণগত মানোন্নয়ন করতে পারেনি। বর্তমান সরকার পাশের হার নয়, শিক্ষার মানোন্নয়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। সুদক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নারীদের জন্য স্নাতকোত্তর এবং ছেলেদের জন্য স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবীত হয়ে সততার সাথে রাজনীতি করার জন্য ড.খন্দকার মারুফ নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।