নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩১:১৩
‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন করল জামায়াত
রাজধানীতে নাগরিক সমস্যার দ্রুত সমাধানে ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখা।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় রাজধানীর বারিধারায় আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম উদ্দিন বলেন, নাগরিকবান্ধব ও কল্যাণকামী রাজনৈতিক সংগঠন হিসেবে নগরবাসীর সমস্যা সমাধান এবং দুর্দশা লাঘবে আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক ও সর্বাধুনিক সুযোগ–সুবিধাসম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গঠনে কাজ করে যাব।
তিনি বলেন, অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা, দুর্নীতি, লুটপাট এবং নগর প্রশাসনের দলীয়করণের কারণে ডিএনসিসিতে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে নগরবাসীর ভোগান্তি দিন দিন বাড়ছে। মশার উপদ্রব, জলাবদ্ধতা, ময়লা–আবর্জনা, যানজট, পরিবহন খাতে নৈরাজ্য এবং রাস্তার খানাখন্দে নগরজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
জামায়াতের এই নেতা বলেন, এসব সমস্যা সমাধানে গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জামায়াত যুগান্তকারী একটি উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ‘নাগরিক সেবা অ্যাপ’ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে নগরবাসী তাদের যেকোনো সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন এবং সেসব সমস্যা সমাধানে সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
সেলিম উদ্দিন আরও বলেন, দীর্ঘদিন ধরে ডিএনসিসি এলাকায় মানবিক সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে জামায়াত। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তাদের কার্যক্রম অনেকটা মোবাইল হাসপাতালের মতো। প্রায় অর্ধশত হাসপাতালের সঙ্গে তাদের স্বাস্থ্যসেবা–সংক্রান্ত চুক্তি রয়েছে, যেখানে স্বল্পমূল্যে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া সংগঠনের নিজস্ব ১০টি আধুনিক অ্যাম্বুলেন্স রয়েছে, যা সার্বক্ষণিক সেবায় নিয়োজিত।
তিনি বলেন, বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত জাকাতভিত্তিক কর্জে হাসানা কর্মসূচিও পরিচালনা করা হচ্ছে, যা প্রান্তিক মানুষের কর্মসংস্থানে সহায়ক ভূমিকা রাখছে।
ডিএনসিসিতে জামায়াতের জনপ্রিয়তা বাড়ার দাবি করে তিনি বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার চারটি আসনে তাদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শরিক দল থেকেও একটি আসনে জয় এসেছে। তবে আরও দুটি আসনে সামান্য ভোটের ব্যবধানে তাদের প্রার্থীদের পরাজিত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ভবিষ্যতের মেয়র প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, এমন একজন ব্যক্তির হাতে নগরীর দায়িত্ব থাকা প্রয়োজন, যিনি দিন–রাত নগরবাসীর নিরাপত্তা ও সেবার বিষয়ে সজাগ থাকবেন এবং জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে কাজ করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাজিম উদ্দিন মোল্লা ও মুহাম্মদ ইয়াছিন আরাফাতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।