নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ রাত ০৬:১৩:১৯
বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকায় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ২টায় জাতীয় সংসদ ভবন-এ বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান ইভারস আইজবস-এর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা, ডেপুটি চিফ অবজারভার ইন্টা লেইস, লিগ্যাল অ্যানালিস্ট ইরিনি মারিয়া গোওনারি এবং রায়ান ইসলাম।
বৈঠকের শুরুতে ইভারস আইজবস বিরোধীদলীয় নেতার ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের পর্যবেক্ষণ প্রতিবেদন তার কাছে হস্তান্তর করেন।
এসময় প্রতিনিধি দল জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও সর্বশেষ তথ্য জানতে চায়। জবাবে ডা. শফিকুর রহমান জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট, গণভোটসহ বিভিন্ন ইস্যুতে তাদের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে বিভিন্ন সংস্কারের বিষয়ে বিএনপি প্রাথমিকভাবে একমত হলেও বাস্তবায়নে ধীরগতি দেখা যাচ্ছে, যা অব্যাহত থাকলে জনগণের আস্থা ক্ষুণ্ন হতে পারে।
বিরোধীদলীয় নেতা দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীলতা এবং জামায়াতের সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনাও তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
অন্যদিকে ইইউ প্রতিনিধি দল বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করা, রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করে। তারা আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিভিন্ন সুপারিশও উপস্থাপন করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান এবং উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর।